পাকিস্তানে কেন নিষিদ্ধ করার দাবি উঠেছিল জনপ্রিয় কার্টুন ডোরেমন? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে জনপ্রিয় জাজল অ্যানিমে চরিত্র ডোরেমন এবং তার বন্ধু নোবিতার কাহিনী শিশুদের অত্যন্ত প্রিয়। তবে প্রায় এক দশক আগে পাকিস্তানে এই সিরিজটি নিষিদ্ধ করার দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০১৬ সালে পাঞ্জাব প্রদেশের বিধানসভায় এই মর্মে প্রস্তাব পেশ করে জানানো হয়, ডোরেমনের অলৌকিক গেজেটের ওপর নোবিতার অতি-নির্ভরতা শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
পিটিআই নেতাদের যুক্তি ছিল, সারাক্ষণ ডোরেমনের সহায়তায় সমস্যা সমাধান হতে দেখে খুদে দর্শকরা পরিশ্রমবিমুখ ও অলস হয়ে পড়ছে। এর ফলে তাদের সৃজনশীলতা ও আত্মনির্ভরতা নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়। তবে এই প্রস্তাবের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল পিটিআই-কে। এমনকি পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোও ব্যঙ্গাত্মক প্রতিবেদনের মাধ্যমে এই অদ্ভুত দাবির বিরোধিতা করেছিল।
বিবাদের রেশ কেবল পাকিস্তানেই সীমাবদ্ধ থাকেনি, ভারতেও বিভিন্ন সময়ে এই কার্টুনটি বন্ধের দাবি উঠেছে। তা সত্ত্বেও ডোরেমন ও নোবিতার বন্ধুত্বের আবেদন আজও অম্লান। সম্প্রতি এই সিরিজের কিংবদন্তি পরিচালক শিবায়ামা সুতোমুর প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিতর্ক ছাপিয়ে আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে দ্বাবিংশ শতাব্দীর এই নীল রোবট বিড়ালের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার।

