পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রণংদেহি মেজাজ: বাড়ছে রক্তক্ষয়ী সংঘর্ষের তীব্রতা – এবেলা
এবেলা ডেস্কঃ
ডুরান্ড লাইন সংলগ্ন সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। তালিবান বাহিনীর ওপর পাকিস্তান হামলা চালানোর পর পাল্টা আক্রমণ শুরু করেছে কাবুল। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ একে ‘খোলা যুদ্ধ’ হিসেবে ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে ‘দমা দম মস্ত কালান্দর’ লিখে চূড়ান্ত হুঙ্কার দিয়েছেন তিনি।
আফগান সংবাদ সংস্থা ‘বখতর নিউজ এজেন্সি’-র দাবি অনুযায়ী, পাকিস্তানকে মোকাবিলায় বিশাল এক ‘সুইসাইড স্কোয়াড’ তৈরি করেছে তালিবান। গাড়ি বোমা ও বিস্ফোরক জ্যাকেট সজ্জিত এই আত্মঘাতী বাহিনী বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তালিবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানিয়েছেন, সীমান্তে প্রতিশোধমূলক অভিযান আরও তীব্র করা হচ্ছে।
যুদ্ধকালীন এই পরিস্থিতিতে দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তান জানিয়েছে, তাদের হামলায় ২৭৪ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে, যদিও তারা নিজেরাও ১২ জন সেনাকে হারিয়েছে। করাচিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং কাবুলের আকাশসীমায় পাকিস্তানি নজরদারি বিমান ওড়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সংঘাত এখন চরম আকার ধারণ করেছে।

