পাকিস্তান লিগে বিতর্কের আগুন, দুই বিদেশি ক্রিকেটারের মধ্যে তুমুল ঝামেলা থামাতে মাঠে নামলেন কর্তা

পাকিস্তান লিগে বিতর্কের আগুন, দুই বিদেশি ক্রিকেটারের মধ্যে তুমুল ঝামেলা থামাতে মাঠে নামলেন কর্তা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উত্তেজনার পারদ এবার মাঠ ছাপিয়ে ডাগ আউটে। করাচি কিংসের দুই বিদেশি তারকা ডেভিড ওয়ার্নার এবং মইন আলির মধ্যকার প্রকাশ্য বিবাদকে কেন্দ্র করে সরগরম ক্রিকেট মহল। রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগ আউটের সামনেই সতীর্থ মইনের ওপর চরম উত্তেজিত হয়ে চিৎকার করতে দেখা যায় অজি তারকা ওয়ার্নারকে। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় এই অপ্রীতিকর দৃশ্য ধরা পড়তেই মুহূর্তের মধ্যে তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার সূত্রপাত করাচি কিংসের ব্যাটিংয়ের শেষ ওভারে। জয়ের জন্য মাত্র ৫ রান প্রয়োজন থাকলেও ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ ইংরেজ অলরাউন্ডার মইন আলি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে মইন যখন ডাগ আউটে ফিরছিলেন, তখনই অধিনায়ক ওয়ার্নার তাঁর ওপর মেজাজ হারিয়ে চিৎকার শুরু করেন। অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটারকে হাত নেড়ে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়, যা দেখে বিস্মিত ও বিরক্ত হন কেকেআরের প্রাক্তন তারকা মইন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে দ্রুত হস্তক্ষেপে বাধ্য হন করাচির টিম ডিরেক্টর হায়দার আজহার।

টিম ডিরেক্টর হায়দার আজহার ছুটে এসে ক্ষুব্ধ ওয়ার্নারকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দূরে যাওয়ার সময়ও মইনের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা যায় অধিনায়ককে। দলের বাকি ক্রিকেটাররা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মইনের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংই ওয়ার্নারের এমন ক্ষোভের মূল কারণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, এই ম্যাচে ১৯৯ রান তাড়া করতে নেমে ওয়ার্নার নিজে একটি ঝকঝকে অর্ধশতরান করেছিলেন।

অবশ্য মাঠের এই অপ্রীতিকর পরিস্থিতির রেশ জয় উদযাপনে বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত আব্বাস আফ্রিদির ছক্কায় ম্যাচটি জিতে নেয় করাচি কিংস। দলের জয় নিশ্চিত হলেও ডাগ আউটে দুই বিশ্বসেরা ক্রিকেটারের এমন আচরণ নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিতর্কের ঝড় উঠেছে। অ্যাশেজের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকার এই সংঘাত পাকিস্তান লিগের শৃঙ্খলা ও খেলোয়াড়দের অভ্যন্তরীণ রসায়ন নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *