লেটেস্ট নিউজ

পাথরপ্রতিমার পর্যটন শিল্পকে হাতিয়ার করে তৃণমূলের প্রচার, তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা

এবেলা ডেস্কঃ

পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রকে রাজ্যের পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠিত করতে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল প্রার্থী সমীরকুমার জানা। আসন্ন নির্বাচনে সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরার পাশাপাশি এলাকার পর্যটন সম্ভাবনাকে প্রচারের মূল হাতিয়ার করেছেন তিনি। বিশেষ করে গোবর্ধনপুরের সমুদ্র সৈকত, ধনচি জঙ্গল ও প্রাচীন মন্দিরগুলোকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ প্যাকেজ ট্যুরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ভেসেল পরিষেবা ও নতুন জেটি নির্মাণের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

তবে তৃণমূলের এই পর্যটনকেন্দ্রিক উন্নয়ন আবেগকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির। বিজেপি প্রার্থী অসিত হালদারের দাবি, পর্যটনের কথা বলা হলেও এলাকার মানুষ কর্মসংস্থানের অভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন। অন্যদিকে, সিপিএম প্রার্থী সত্যরঞ্জন দাসের মতে, সাধারণ মানুষের নূ্ন্যতম অন্সংস্থানের ব্যবস্থা না করে পর্যটন প্রসারে কোনো লাভ হবে না। এমনকি ভেসেল পরিষেবার পরিবর্তে দীর্ঘ প্রতীক্ষিত সেতু নির্মাণের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাম প্রার্থী।

পাল্টা যুক্তিতে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিকল্প কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের অর্থনৈতিক মানোন্নয়নে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। যদিও বিরোধীরা একে নির্বাচনী চমক হিসেবেই দেখছেন। নদীবেষ্টিত পাথরপ্রতিমার যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং পর্যটনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষের এই বাগযুদ্ধ বর্তমানে স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *