পাহাড়ে পর্যটক পরিবহণে সংঘাত আরও তীব্র হল
শিলিগুড়ি থেকে পর্যটকদের নিয়ে পাহাড়ে যাওয়ার পথে দার্জিলিংয়ের গাড়িগুলিকে বাধা দিচ্ছে সমতলের চালক সংগঠনগুলো। দীর্ঘদিনের বিবাদ মেটাতে প্রশাসনের মধ্যস্থতায় আলোচনা চললেও পাহাড়ের চালকরা দাবিতে অনড়। তাঁদের দাবি, পর্যটকদের পাহাড়ে পৌঁছে দিয়ে শিলিগুড়ির গাড়িগুলিকে ফাঁকা ফিরতে হবে এবং স্থানীয় সাইড সিনের জন্য পাহাড়ের গাড়িই ব্যবহার করতে হবে। এর প্রতিবাদেই মঙ্গলবার সকাল থেকে কড়া অবস্থান নিয়েছে তরাইয়ের চালক সংগঠনগুলি।
এই সংঘাতের জেরে বিপাকে পড়েছেন বহু পর্যটক। সমতলের চালকরা সাফ জানিয়েছেন, পাহাড়ের গাড়ি সমতল থেকে পর্যটক তুলতে পারবে না। কয়েক সপ্তাহ ধরে পাহাড়ে শিলিগুড়ির গাড়ি আটকে দেওয়ার পালটা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে দ্রুত কোনো স্থায়ী সমাধান সূত্র না বেরোলে পাহাড় ও সমতলের এই পরিবহণ বিবাদ আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

