পিএসএলে জঙ্গি হামলার হুমকি: স্টিভ স্মিথ-ওয়ার্নারদের পাকিস্তান সফর নিয়ে চরম উদ্বেগ – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে ঘনিয়ে এল জঙ্গি হামলার কালো মেঘ। জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে না আসার কড়া হুমকি দিয়েছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সহযোগী এই গোষ্ঠীটি জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানের অস্থির পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করা অনুচিত। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ড্যারিল মিচেলের মতো তারকাদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে ব্যক্তিগত দায়িত্বে আসতে বলা হয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পাকিস্তানে তীব্র তেল সংকট ও আইপিএলের আকর্ষণে এমনিতেই বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা ছিল। এর মধ্যে খিলাফত আন্দোলনের লক্ষ্য নিয়ে সক্রিয় এই জঙ্গিগোষ্ঠীর সরাসরি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তারা স্পষ্ট জানিয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিদেশি বোর্ডগুলোর উচিত নয় তাদের খেলোয়াড়দের পাকিস্তানে পাঠানো, কারণ সেখানে তাঁদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
২০১৪ সালে গঠিত এই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীটি অতীতে পাকিস্তানে একাধিক রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। ফলে তাদের এই সতর্কবার্তাকে লঘু করে দেখছে না আন্তর্জাতিক ক্রিকেট মহল। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠায় টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। পাক সরকার শেষ পর্যন্ত খেলোয়াড়দের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাকি পিএসএল স্থগিত হয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

