পিএসএলে টসের পর দল বদলের নতুন নিয়ম: এক ম্যাচে ৪ একাদশ নিয়ে চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ক্রিকেটের প্রথাগত নিয়মে বড় পরিবর্তন এনেছে আয়োজকরা। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টসের সময় প্রত্যেক অধিনায়ককে দুটি আলাদা ‘টিম শিট’ বা একাদশের তালিকা সঙ্গে রাখতে হবে। টসের ফলাফল দেখার পর পিচ ও কন্ডিশন বিবেচনা করে অধিনায়কেরা তাদের পছন্দের চূড়ান্ত একাদশ বেছে নিতে পারবেন। এই অভিনব পদ্ধতিটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকেই কার্যকর করা হয়েছে।
পিএসএলের প্লেয়ার রিপ্লেসমেন্ট বিধির ১.২.১ ধারা অনুযায়ী, টসের আগে ম্যাচ রেফারির কাছে দুটি তালিকা জমা দিতে হবে। টস জেতা বা হারার ওপর ভিত্তি করে অধিনায়ক একটি তালিকায় সই করবেন, যা পরে প্রতিপক্ষের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না। লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের মধ্যকার প্রথম ম্যাচে শাহিন আফ্রিদি ও মার্নাস লাবুশানে এই নিয়ম মেনেই মাঠে নামেন।
বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের ফলে টসের ওপর ম্যাচের নির্ভরতা অনেকটাই কমবে। বিশেষ করে শিশির সমস্যা বা আগে ব্যাটিং-বোলিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী দলগুলো অতিরিক্ত বোলার বা ব্যাটসম্যান খেলানোর সুযোগ পাবে। উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসকে ৬৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে লাহোর কালান্দার্স। ফখর জামানের অর্ধশতরান ও বোলারদের দাপটে সহজেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

