পিএসএল ছেড়ে আইপিএলে লঙ্কান অধিনায়ক! স্যাম কারানের বদলে রাজস্থানে যোগ দিচ্ছেন কোন তারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তান সুপার লিগ (PSL 2026) এখন অস্তিত্বের সংকটে। একদিকে গ্যালারিতে দর্শক নেই, অন্যদিকে আইপিএলের টানে মাঝপথেই লিগ ছাড়ছেন নামী বিদেশি ক্রিকেটাররা। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি কেকেআরে যোগ দেওয়ার পর এবার সেই পথেই হাঁটলেন শ্রীলঙ্কার টি-২০ অধিনায়ক দাসুন শনকা।
পিএসএলে লাহোর কালান্দারস ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন শনকা। মূলত চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া ইংরেজ অলরাউন্ডার স্যাম কারানের বদলি হিসেবে তাঁকে দলে নিচ্ছে পিঙ্ক সিটি। নিলামে অবিক্রীত থাকলেও সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ১৬৫ রান ও ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন এই লঙ্কান অলরাউন্ডার। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৩১ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংসই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর রাডারে তাঁকে নিয়ে আসে।
একের পর এক তারকা ক্রিকেটার আইপিএলের আর্থিক হাতছানিতে পিএসএল ত্যাগ করায় উদ্বেগ প্রকাশ করেছেন শোয়েব আখতারের মতো প্রাক্তন পাক তারকারা। মুজারাবানি ও শনকার এই প্রস্থান পিসিবি-র কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল। দ্রুতই গুয়াহাটিতে রাজস্থান শিবিরে যোগ দেবেন শনকা।

