পিকনিক শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, হুগলিতে মর্মান্তিক মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
জানুয়ারি মাসের আমেজে বন্ধুদের সঙ্গে পিকনিকের আনন্দ বিষাদে পরিণত হলো। রবিবার রাতে হুগলির পোলবার রাজহাট মোড় থেকে ব্যান্ডেল ফেরার পথে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। মৃতদের নাম রোহিত সিং (২৩) ও রাজা প্রসাদ (২৭)। রোহিত কলকাতার গরফার বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থার সুপারভাইজার ছিলেন।
পুলিশ সূত্রে খবর, দ্রুতগতিতে থাকা মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পোস্টে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চালক মদ্যপ ছিলেন কি না এবং বাইকের গতিবেগ কত ছিল, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

