লেটেস্ট নিউজ

পিসিবি-র ইতিহাসে সবথেকে দুর্বল বোর্ড, ব্যর্থতার দায়ে নকভিকে তীব্র আক্রমণ আহমেদ শেহজাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানি ক্রিকেটের ক্রমাগত ব্যর্থতা এবং নীতিগত দুর্বলতা নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারকা ব্যাটার আহমেদ শেহজাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক বিদায় এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের পর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শেহজাদের মতে, বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিহাসের সবথেকে দুর্বল এবং সিদ্ধান্তহীনতায় ভোগা একটি প্রতিষ্ঠান, যারা সঠিক দিশা দেখাতে ব্যর্থ হচ্ছে।

নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ অভিযোগ করেন, বোর্ড বছরের পর বছর ধরে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে অন্যায্য সুবিধা দিয়ে আসছে। মেধা ও পারফরম্যান্সের বদলে পক্ষপাতিত্ব এবং বাণিজ্যিক প্রচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলের মুখ করে তোলা হয়েছে। এই ভুল নীতির কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে শুরু করে জাতীয় দল—সবক্ষেত্রেই ক্রিকেটের মান আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে বলে তিনি দাবি করেন।

খেলোয়াড়দের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে শেহজাদ জানান, বড় কোনো সাফল্য না এলেও ক্রিকেটারদের মধ্যে অহংকার কমেনি। ব্যর্থতার দায় স্বীকার না করে তারা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। পিসিবি নতুন প্রতিভা তুলে আনার বদলে প্রতিটি টুর্নামেন্টের পর কেবল অজুহাত তৈরি করছে। সাধারণ মানুষ এখন এসব বুঝে গিয়েছে উল্লেখ করে তিনি বর্তমান বোর্ডের খামখেয়ালি কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *