পুরুলিয়ায় আজও অটুট নেতাজি প্রেম খুদেদের, বসন্ত ব্রিগেডের কুচকাওয়াজে ফিরছে আজাদ হিন্দ বাহিনীর গরিমা – এবেলা
এবেলা ডেস্কঃ
পুরুলিয়ার বাঘমুন্ডির সুইসা ও নোয়াডি এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে আজও সগৌরবে পালিত হচ্ছে বিশেষ কুচকাওয়াজ। ১৯৮৭ সালে ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের অনুপ্রেরণায় এখানে গড়ে উঠেছিল আজাদ হিন্দ বাহিনী। সময়ের বিবর্তনে সেই পুরনো জৌলুস কিছুটা ম্লান হলেও দেশনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে খামতি নেই স্থানীয় বাসিন্দাদের। সুইসার নেতাজি সুভাষ আশ্রমে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের প্রস্তুতি তুঙ্গে।
এবারের কুচকাওয়াজের মূল আকর্ষণ হতে চলেছে ৩ থেকে ১৩ বছর বয়সী কিশোরদের নিয়ে গঠিত ‘বসন্ত ব্রিগেড’। প্রাক্তন সদস্যদের অনুপস্থিতিতে এই খুদে সেনানিরাই কুচকাওয়াজের মাধ্যমে নেতাজিকে স্যালুট জানাবে। ইতিহাসের ঐতিহ্যকে পাথেয় করে নতুন প্রজন্মের হাত ধরে আজও বাঘমুন্ডির মাটিতে বেঁচে রয়েছে আজাদ হিন্দ বাহিনীর বীরত্বগাথা। দেশপ্রেমের এই অনন্য নজির দেখতে মুখিয়ে রয়েছেন জেলাবাসী।

