পৃথিবীর আদিম রহস্য প্রোটোট্যাক্সাইট, উদ্ভিদ না কি প্রাণী তা নিয়ে ঘনীভূত বিতর্ক
আজ থেকে প্রায় ৪২ কোটি বছর আগে পৃথিবীতে আধিপত্য ছিল প্রোটোট্যাক্সাইট নামক এক রহস্যময় জীবের। ৩০ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া এই বিশালদেহী জীবগুলো দেখতে অনেকটা পাইপের মতো ছিল। প্রায় ১৬০ বছর আগে প্রথম এদের জীবাশ্মের সন্ধান মিললেও এরা ঠিক কোন গোত্রের, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আজও তীব্র মতভেদ রয়েছে। ডাইনোসরদের আবির্ভাবের বহু কোটি বছর আগেই এই অদ্ভুতদর্শন প্রাণীরা বিলুপ্ত হয়ে যায়।
দীর্ঘদিন ধরে গবেষণার পর এদের উদ্ভিদ বা ছত্রাক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। অতীতে এদের পাইন জাতীয় গাছের কাণ্ড বা লাইকেন বলে মনে করা হলেও সাম্প্রতিক তথ্য সেই ধারণা বদলে দিচ্ছে। গবেষকদের মতে, এদের কোষে উদ্ভিদের মতো টিস্যু নেই, আবার এদের গঠনশৈলী সাধারণ ছত্রাকের কাইটিন বা গ্লুকান সমৃদ্ধ বৈশিষ্ট্যের সঙ্গেও মেলে না। ফলে প্রোটোট্যাক্সাইট ঠিক কী ছিল, তা নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে।
সম্প্রতি এডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ কোরেন্টিন লোরেন এবং তাঁর সহযোগীদের গবেষণায় এক নতুন তথ্য সামনে এসেছে। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে যে, প্রোটোট্যাক্সাইট উদ্ভিদ, প্রাণী বা ছত্রাক— কোনোটির মধ্যেই পড়ে না। এটি সম্ভবত সম্পূর্ণ ভিন্ন কোনো অজানা বহুকোষী গোত্রের জীব। এই আবিষ্কার বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে দিলেও আদিম পৃথিবীর এই বিশালদেহী জীবের রহস্য উদ্ঘাটনে এখনও দীর্ঘ পথ চলা বাকি।

