লেটেস্ট নিউজ

পেট্রলে বাড়ছে ইথানলের মিশ্রণ: আমদানিনির্ভরতা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের ‘ই-টুয়েন্টি’ প্রকল্পের সাফল্যের পর এবার মিশ্রণের মাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। গ্রেন ইথানল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি সরকারকে পেট্রলে ইথানলের পরিমাণ ৩০ শতাংশ পর্যন্ত উন্নীত করার প্রস্তাব দিয়েছে। মূলত জ্বালানি আমদানিতে খরচ কমানো এবং রাজকোষের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিগত দশ বছরে ইথানল মিশ্রণের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো প্রায় দেড় লক্ষ কোটি টাকা সাশ্রয় করেছে। বর্তমানে দেশে বার্ষিক ২০০০ কোটি লিটার ইথানল উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে, যার মাত্র ৫৫ শতাংশ এখন ব্যবহৃত হচ্ছে। এই বাড়তি উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে পেট্রল আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে মোটা অংকের মুনাফা অর্জনের লক্ষ্য নিয়েছে কেন্দ্র।

তবে এই সিদ্ধান্তে সাধারণ গাড়ি চালক ও মালিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। জ্বালানিতে জৈব উপাদানের পরিমাণ বাড়লে গাড়ির ইঞ্জিন, স্থায়িত্ব এবং মাইলেজের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা নিয়ে বিতর্ক চলছে। সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া হলেও, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই কৌশলগত পথেই হাঁটছে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *