লেটেস্ট নিউজ

পেট্রল পাম্পে সিগারেট ধরাতে বাধা পেয়ে আগুন ধরিয়ে দিল যুবক, চাঞ্চল্য ছত্তীসগড়ে

ছত্তীসগড়ের রায়পুরে উরলা থানা এলাকায় একটি পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ধর্মেন্দ্র ক্ষত্রিয় ও ইমরান নামে দুই যুবক বাইকে তেল ভরতে এলে এই বিপত্তি ঘটে। পাম্পে সিগারেট ধরাতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ধর্মেন্দ্র লাইটার দিয়ে তেলের পাইপে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে সেই আগুন পাম্পের মেশিন ও বাইকের ট্যাঙ্কে ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আগুন লাগানোর পর অভিযুক্ত যুবক কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। তবে পাম্পকর্মীদের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তারা দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পালানোর চেষ্টা করলে পাম্পকর্মীরা দুই অভিযুক্তকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।

উরলা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে জননিরাপত্তা বিপন্ন করার ধারায় মামলা রুজু করেছে। থানার পরিদর্শক রোহিত মাহেলকর জানিয়েছেন, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাম্পের কর্মীরা দ্রুত পদক্ষেপ না নিলে জনবহুল ওই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *