পেট্রোল-ডিজেলে চরম সংকট: কেন্দ্রের আশ্বাসের মাঝেও পাম্পে হাহাকার – এবেলা
এবেলা ডেস্কঃ
মোদী সরকার দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার দাবি করলেও বাস্তবের চিত্র ভিন্ন। রান্নার গ্যাসের মতো পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও সরকারি আশ্বাসের সঙ্গে অমিল প্রকট হয়ে উঠছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু পেট্রোল পাম্প বন্ধ থাকায় গ্রাহকরা জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা।
ডিলারদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জ্বালানি কেনার ক্ষেত্রে ‘ক্রেডিট’ বা ধারের সুবিধা তুলে দেওয়ায় অনেক পাম্প তেল তুলতে পারছে না। এছাড়া, দুপুর ১২টার পর ডিপো বন্ধ হয়ে যাওয়ায় এবং পরিবহণ সমস্যার কারণে সময়মতো জোগান পৌঁছাচ্ছে না। এর ফলে তেলের ভাণ্ডার মজুত থাকার সরকারি দাবি নিয়ে প্রশ্ন তুলছেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
সামনে ছুটি ও অর্থবর্ষ শেষের কারণে ব্যাঙ্কিং লেনদেনে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। গ্রাহকদের একাংশের দাবি, সরকার জোগানে কোনো সমস্যা নেই বললেও বাস্তবে পাম্পে পাম্পে তেলের জন্য হাহাকার চলছে। কেন্দ্রের নীতিগত পরিবর্তনের কারণেই এই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।

