পেনসিল ধরতে পারতেন না, আজ ইউপিএসসি-তে বাজিমাত! সেরিব্রাল পালসিকে হারিয়ে অদম্য মানবেন্দ্রর রূপকথা – এবেলা
এবেলা ডেস্কঃ
শারীরিক সীমাবদ্ধতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য নজির সৃষ্টি করলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের তরুণ মানবেন্দ্র সিং। বিশেষ ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও ইউপিএসসি-আইইএস (UPSC-IES) পরীক্ষায় সর্বভারতীয় ১১২তম স্থান দখল করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
এক সময় যাঁর হাত দিয়ে পেনসিল ধরা ছিল এক বড় চ্যালেঞ্জ, সেই মানবেন্দ্র আজ দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সফল। কোনো বিশেষ কোটা নয়, সাধারণ বিভাগ থেকেই এই অসাধ্য সাধন করেছেন তিনি। মানবেন্দ্রর এই সাফল্যের নেপথ্যে মূল কারিগর তাঁর মা রেণু সিং। পেশায় স্কুল অধ্যক্ষ রেণু দেবী ছেলের শৈশব থেকেই তাঁর শিক্ষার শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন।
মানবেন্দ্রর বাবা মনোজ কুমারের অকালপ্রয়াণের পর পরিবারে নেমে এসেছিল ঘোর অনিশ্চয়তা। কিন্তু মা রেণু সিং হাল ছাড়েননি। তিনি জানান, শুরুর দিকে মানবেন্দ্রর আঙুল কাজ করত না, পেনসিল ধরতে প্রচণ্ড কষ্ট হতো। ধৈর্য ধরে দিনের পর দিন প্রশিক্ষণের মাধ্যমে তাঁকে লিখতে শেখান মা।
লেখাপড়ায় মানবেন্দ্র বরাবরই মেধাবী। বুলন্দশহরের খালসা পাবলিক স্কুল ও মডার্ন পাবলিক স্কুল থেকে স্কুল পাঠ শেষ করে তিনি জেইই অ্যাডভান্সডে বসেন। সেখানে ৬৩তম স্থান অধিকার করে আইআইটি পটনায় বিটেক পড়ার সুযোগ পান। ইঞ্জিনিয়ারিং শেষ করেই তিনি লক্ষ্য স্থির করেন ইউপিএসসি-র দিকে।
ফলাফল প্রকাশের পর আবেগপ্রবণ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মানবেন্দ্রর স্পষ্ট বার্তা, “কোনো শারীরিক প্রতিবন্ধকতাই সাফল্যের পথে বাধা হতে পারে না।” ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো সীমাবদ্ধতা জয় করা সম্ভব, মানবেন্দ্র সিং আজ তার জীবন্ত উদাহরণ।

