প্যাট কামিন্সের চোটে হায়দরাবাদের নতুন অধিনায়ক ঈশান কিষান, তালিকায় ১১তম নাম – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ আইপিএল শুরুর প্রাক্কালে বড়সড় ঘোষণা করল সানরাইজার্স হায়দরাবাদ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানের হাতে। গত ২০২৫ সালের নিলামে ১১.৪০ কোটি টাকায় দলে আসা ঈশানকে এক মরশুম পরেই এই গুরুদায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
হায়দরাবাদ শিবিরের ইতিহাসে ঈশান কিষান একাদশতম অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন। এর আগে কুমার সঙ্গকারা, শিখর ধাওয়ান, ডারেন স্যামি এবং ক্যামেরন হোয়াইটের মতো তারকারা অরেঞ্জ ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন। তবে দলের সফলতম অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার, যাঁর অধীনে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। পরবর্তীতে কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, মণীশ পাণ্ডে এবং এইডেন মারক্রামও বিভিন্ন সময়ে এই দলের অধিনায়কত্ব সামলেছেন।
২০১৩ সালে আইপিএল অভিষেকের পর থেকে সানরাইজার্স হায়দরাবাদ একাধিকবার অধিনায়ক বদল করেছে। প্যাট কামিন্স ২০২৪ সাল থেকে দায়িত্ব সামলালেও বর্তমান চোটের কারণে সাময়িকভাবে ঈশানকে চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। কামিন্স সুস্থ না হওয়া পর্যন্ত ঈশান ও অভিষেকের কাঁধেই থাকছে দলের কৌশলগত পরিচালনার ভার। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে, যা সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।

