প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতার ছক বানচাল! ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ষড়যন্ত্র রুখে দিল রাজস্থান পুলিশ। রবিবার রাতে নাগৌর জেলার হারসাউর গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক। পুলিশ সূত্রে খবর, ১৮৭টি বস্তায় ভরে রাখা এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি বেশ কিছু ডিটোনেটরও উদ্ধার করা হয়েছে।
নাগৌরের পুলিশ সুপার মৃদুল কছাওয়া জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়েই নির্দিষ্ট এলাকায় হানা দেয় পুলিশ বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্য়েই একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শেকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চলছে।
২৬শে জানুয়ারির আগে দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও বড় ধরনের নাশকতামূলক কার্যকলাপ চালাতেই এই বিস্ফোরক মজুত করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

