প্রতি ৮ মিনিটে প্রাণ কাড়ছে জরায়ু মুখ ক্যান্সার, বাঁচার উপায় কি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতে জরায়ু মুখ ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করেছে। আইসিএমআর-এর পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি আট মিনিটে এই মারণ রোগে আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হচ্ছে। সচেতনতার অভাব এবং প্রাথমিক পর্যায়ে উপসর্গ ধরা না পড়ায় এই রোগ প্রাণঘাতী হয়ে উঠছে। চিকিৎসকদের মতে, অনিয়মিত রক্তপাত বা তলপেটে ব্যথার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
এই মারণ রোগ রুখতে এইচপিভি ভ্যাকসিনকে প্রধান অস্ত্র হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ৯ থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের জন্য এই টিকা সবথেকে বেশি কার্যকর। ১৫ থেকে ২৬ বছর বয়স পর্যন্ত চিকিৎসকের পরামর্শে এই প্রতিষেধক নেওয়া সম্ভব। সঠিক সময়ে টিকাকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনই এই ক্যান্সারের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করতে পারে।

