প্রধানমন্ত্রীর এক বার্তায় কি মিষ্টি ছাড়বেন বাবা? নেটপ্রভাবীর আবদারে মোদির বিশেষ সাড়া – এবেলা
এবেলা ডেস্কঃ
জনপ্রিয় নেটপ্রভাবী যুবরাজ দুয়ার এক অভিনব অনুরোধে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুবরাজ জানান, তাঁর বাবা প্রধানমন্ত্রীর একনিষ্ঠ ভক্ত এবং তাঁর প্রতিটি কথা আদেশের মতো পালন করেন। তাই বাবার অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস ত্যাগ করাতে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। যুবরাজের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
এই মিষ্টি আবদারের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিলটি শেয়ার করেন। তিনি যুবরাজের বাবাকে উদ্দেশ্য করে স্বাস্থ্য সচেতন হওয়ার এবং চিনি কম খাওয়ার বিশেষ অনুরোধ জানান। মোদি লেখেন, “সুস্থ থাকুন, খুশি থাকুন।” একইসঙ্গে তিনি দেশের সকল নাগরিককে সুস্বাস্থ্যের অধিকারী হতে এবং চিনি বর্জন করার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী আরও জানান, অতিরিক্ত চিনি সেবন স্থূলতা-সহ শরীরের নানাবিধ রোগের কারণ হতে পারে। নাগরিকদের সুস্থ থাকতে তিনি যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনযাত্রার অংশ করার আহ্বান জানান। প্রিয় নেতার কাছ থেকে এমন ব্যক্তিগত ও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে উচ্ছ্বসিত যুবরাজ এবং তাঁর পরিবার। নেটদুনিয়ায় প্রধানমন্ত্রীর এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে।

