প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়: সিকিমে মৃত ১, আটকে হাজারো পর্যটক – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার বিকেল থেকে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং ও সিকিমের জনজীবন। ঝোড়ো হাওয়ার দাপটে সিকিমের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে একাধিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতের সময় গাছ ভেঙে পড়ে সিকিমের রাকডং এলাকায় কলা দেবী ছেত্রী (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৭ জন আহত হওয়ার খবর মিলেছে।
প্রাকৃতিক দুর্যোগের জেরে পাহাড়ি রাস্তাগুলোতে শিলার পুরু স্তর জমে যাওয়ায় এবং গাছ পড়ে থাকায় যান চলাচল সম্পূর্ণ থমকে গিয়েছে। এর ফলে কয়েক হাজার পর্যটক মাঝরাস্তায় আটকে পড়েছেন। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় বিস্তীর্ণ অঞ্চল। আবহাওয়া দপ্তরের মতে, আচমকা এই ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও প্রতিকূল আবহাওয়া এবং অন্ধকারের কারণে বাধা সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট্টা সিংতাম-সহ বিভিন্ন এলাকায় উপড়ে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

