প্রবেশপথ ও বিদ্যুৎহীন মালদার বাঁকিপুর জুনিয়র হাই স্কুল: অনিশ্চয়তায় ১৫০ পড়ুয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদার মানিকচকের বাঁকিপুর শ্যামসুন্দরী গ্রামে ২০১১ সালে প্রতিষ্ঠিত বাঁকিপুর জুনিয়র হাই স্কুলটি বর্তমানে চরম সংকটে। প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও স্কুলে আজও পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগ। বর্তমানে ১৫০ জন ছাত্রছাত্রী ও চারজন কর্মী থাকলেও পরিকাঠামোগত নূন্যতম সুবিধা থেকে বঞ্চিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন ধরে অন্যের জমি ব্যবহার করে যাতায়াত করলেও, সম্প্রতি জমির মালিকরা সেই পথ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। ফলে গত ২ ফেব্রুয়ারি থেকে স্কুলে প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। নিজস্ব কোনো গেট বা যাতায়াতের রাস্তা না থাকায় গত ২৪ দিন ধরে ব্যাহত হচ্ছে পঠনপাঠন।
স্কুলে ঢুকতে না পেরে বর্তমানে বাধ্য হয়ে রাস্তার ধারের এক গোয়াল ঘরে সময় কাটছে শিক্ষক ও পড়ুয়াদের। প্রতিদিন সঠিক সময়ে বিদ্যালয়ে এলেও ভেতরে প্রবেশ করতে পারছে না ছাত্রছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষের এই অসহায় অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

