প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে যোগদানের হিড়িক, তুঙ্গে রাজনৈতিক জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার কথা থাকলেও সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দলে যোগদানের হিড়িক লক্ষ্য করা গেছে। কলকাতার দলীয় কার্যালয়ে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন।
জেলা স্তরেও দলবদলের এই জোয়ার অব্যাহত রয়েছে। বাঁকুড়ার সমাজসেবী গৌতম মিশ্র ও চিকিৎসক ডঃ অনুপ মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন। এছাড়া মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে চিকিৎসক ডঃ আবদুল হাজিজ ও সমাজকর্মী নূর আলম এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসক দলে শামিল হয়েছেন।
প্রার্থী তালিকা প্রকাশের ঠিক কয়েক ঘণ্টা আগে বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের এই গণযোগদান নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই নবাগতদের মধ্যে কেউ আসন্ন নির্বাচনে টিকিট পাবেন কি না। তৃণমূল নেতৃত্ব এই প্রক্রিয়াকে সংগঠন শক্তিশালী করার অংশ বললেও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চমক থাকার জল্পনা প্রবল হচ্ছে।

.jpeg.webp?ssl=1)