প্রার্থী নির্বাচনে অসন্তুষ্ট রিঙ্কু মজুমদার, বঙ্গ বিজেপিতে বাড়ছে অস্বস্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে পীযূষ কানোড়িয়ার নাম ঘোষিত হওয়ার পরেই প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। শুক্রবার সল্টলেকের দলীয় কার্যালয়ে গিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ক্ষোভ উগরে দেন। রিঙ্কুদেবীর অভিযোগ, যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির কাউকে প্রার্থী না করায় তিনি চরম হতাশ।
এদিন দলীয় কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতেই শোরগোল পড়ে যায়। টিকিট না পাওয়া এবং প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রিঙ্কু মজুমদার সাফ জানিয়েছেন যে, তিনি কোনোভাবেই ওই প্রার্থীর হয়ে প্রচারে নামবেন না। তাঁর মতে, দলবদল না করলেও এই পরিস্থিতিতে তিনি নিজেকে গুটিয়ে নিতে প্রস্তুত। আদর্শগত লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করা না গেলে ঘরে বসে থাকাই শ্রেয়।
তবে ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেও স্বামী দিলীপ ঘোষের পাশে থাকার বার্তা দিয়েছেন রিঙ্কু। তিনি জানান, দলের প্রার্থীর জন্য কাজ না করলেও অনুমতি মিললে তিনি দিলীপ ঘোষের হয়ে প্রচারে অংশ নেবেন। অন্যদিকে, দলের অন্দরে এই বিক্ষোভ সামাল দিতে কড়া মনোভাব দেখিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নির্বাচনের ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

