লেটেস্ট নিউজ

প্রার্থী নির্বাচনে ‘বহিরাগত’দের প্রাধান্য! টুম্পা কয়ালের যোগদানের জল্পনায় ফুঁসছে বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী চয়ন ও দলীয় সংগঠন নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। বিশেষ করে আরজি করের নির্যাতিতার মায়ের পর এবার কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের পদ্মশিবিরে যোগদানের সম্ভাবনা দলের অন্দরেই বিদ্রোহের আবহ তৈরি করেছে। দীর্ঘদিনের পুরনো ও ‘আদি’ কর্মীদের উপেক্ষা করে নবাগত বা বহিরাগতদের টিকিট দেওয়ার প্রবণতা নিয়ে শীর্ষ নেতৃত্বের ভূমিকা এখন বড়সড় প্রশ্নের মুখে।

শনিবার সল্টলেকের বিজেপি সদর দপ্তরে গিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন টুম্পা কয়াল। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে আন্দোলনের ইচ্ছা প্রকাশ করে তিনি সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানান। যদিও শমীক ভট্টাচার্য জানিয়েছেন, যোগদানের বিষয়টি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এর আগে কামদুনির আরেক মুখ মৌসুমী কয়ালকে নিয়েও জল্পনা হলেও শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করেনি গেরুয়া শিবির।

বারবার নির্বাচনের মুখে পরিচিত মুখ বা আন্দোলনকারীদের দলে টেনে গুরুত্ব দেওয়ায় আদি বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। জলহাটি থেকে আরজি করের নির্যাতিতার মায়ের সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এখন টুম্পা কয়ালকে নিয়ে মাতামাতি সংগঠনের নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। দলের একাংশের প্রশ্ন, ঘরের কর্মীদের গুরুত্ব না দিয়ে বারবার বাইরের শক্তির ওপর ভরসা করার কারণেই কি রাজ্যে বিজেপি কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *