প্রার্থী নির্বাচন নিয়ে রণক্ষেত্র সল্টলেক বিজেপি অফিস, ক্ষুব্ধ কর্মীদের হুঁশিয়ারি শমীকের – এবেলা
এবেলা ডেস্কঃ
সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ের সামনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন বিক্ষোভ দেখালেন দলের ক্ষুব্ধ কর্মীরা। বেলেঘাটার প্রার্থী পার্থ চৌধুরী এবং এন্টালির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালসহ একাধিক নাম নিয়ে আপত্তি তুলে কয়েকশ কর্মী রাজপথে সরব হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং নেত্রী লকেট চট্টোপাধ্যায় সশরীরে হাজির হন। বিক্ষোভের মুখে এক পর্যায়ে মেজাজ হারিয়ে শমীক ভট্টাচার্য সাফ জানান, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি এই বিশৃঙ্খলা সহ্য করবেন, তারপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিক্ষোভকারীদের মধ্যে ভোট-পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারও উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অন্যদের টিকিট দেওয়া হয়েছে, যা তৃণমূলকে সুবিধা করে দেবে। শমীক ভট্টাচার্য কর্মীদের শান্ত করার চেষ্টা করে বলেন, নির্বাচনের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সকলকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। লকেট চট্টোপাধ্যায়ও বিক্ষুব্ধদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন, যদিও পরে সংবাদমাধ্যমে তিনি একে ‘পারিবারিক মতবিরোধ’ বলে অভিহিত করেন।
এই অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছে। তাদের দাবি, দিল্লির চাপিয়ে দেওয়া প্রার্থীর বিরুদ্ধে সরব হয়ে বিজেপি কর্মীরাই দলের ভাঙন স্পষ্ট করে দিয়েছেন। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, বড় দলে সাময়িক অসন্তোষ থাকলেও তা দ্রুত মিটে যাবে। তবে প্রার্থী বদলের দাবিতে অনড় কর্মীদের এই বিক্ষোভ আসন্ন নির্বাচনে দলের ওপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

