লেটেস্ট নিউজ

প্রার্থী বদলে উত্তাল আমডাঙা, দেগঙ্গায় মিশ্র প্রতিক্রিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দল ও ভাবমূর্তি রক্ষার তাগিদে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ও আমডাঙা কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। এর জেরে আমডাঙায় বুধবার দুপুর পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ চললেও দেগঙ্গার পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। গত পাঁচ বছরে জমি দখল, টেন্ডার নিয়ে বিবাদ ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এলাকায় দলের জনভিত্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

দেগঙ্গায় বিদায়ী বিধায়ক রহিমা মণ্ডলের বিরুদ্ধে উন্নয়ন ও জনসংযোগের অভাব নিয়ে জনক্ষোভ তৈরি হয়েছিল। সেখানে এবার ভূমিপুত্র আনিসুর রহমান বিদেশকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, আমডাঙায় বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের পরিবর্তে কাসেম সিদ্দিকিকে মনোনীত করায় দলের একাংশ চরম অসন্তোষ প্রকাশ করেছে। রফিকুরের অনুগামীদের দাবি, কোনো ধর্মীয় প্রতিনিধি নয় বরং স্থানীয় কাউকেই প্রার্থী হিসেবে দেখতে চান তারা।

প্রার্থী বদলের প্রতিবাদে আমডাঙার বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা গণ-ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। বিদায়ী বিধায়ক রফিকুর রহমান দলের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, বহিরাগত প্রার্থীর জয়ের গ্যারান্টি তিনি দিতে পারবেন না। তৃণমূলের এই প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব ও সাংগঠনিক টানাপোড়েনকে হাতিয়ার করে জয়ের স্বপ্ন দেখছে বিরোধী শিবির। বর্তমানে প্রার্থী পরিবর্তনের দাবিতে অনড় আমডাঙার তৃণমূল নেতৃত্বের একটি বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *