প্রেমানন্দ মহারাজের ফ্ল্যাটে দাউদাউ আগুন! নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? – এবেলা
এবেলা ডেস্কঃ
বৃন্দাবনের শ্রী কৃষ্ণ শরণম সোসাইটিতে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। রবিবার সকালে ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা ছুটে গেলেও মহারাজের অনুগামীরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। আগুনে ফ্ল্যাটের সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। দমকল ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ মনে করা হলেও স্থানীয়দের একাংশ নাশকতার আশঙ্কা করছেন। সাংবাদিক ও স্থানীয়দের ছবি তুলতে বাধা দেওয়ায় ঘনীভূত হচ্ছে রহস্য। দীর্ঘদিনের অসুস্থ মহারাজের নিরাপত্তা ও এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রিয় গুরুর ফ্ল্যাটে এমন ঘটনায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁর অগণিত ভক্ত।

