প্রেমিকার গালে রং মাখানোয় আক্রোশ, বন্ধুকে রেললাইনে বেঁধে খুনের অভিযোগে গ্রেপ্তার ৩ – এবেলা
এবেলা ডেস্কঃ
হরিয়ানার জলপথে হোলির উৎসবে প্রেমিকার গালে রং মাখানোর জেরে এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। মৃত যুবকের নাম কালু। অভিযুক্ত সঞ্জু ও তার দুই সহযোগী মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, তদন্তে নেমে পুলিশ খুনের রহস্য উদঘাটন করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো শত্রুতা ও বাইক দুর্ঘটনা নিয়ে বিবাদের জেরে সঞ্জু আগে থেকেই কালুর ওপর ক্ষুব্ধ ছিল। ঘটনার দিন কালুকে মদের আসরে ডেকে বেহুঁশ করে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। তাতে ব্যর্থ হয়ে অভিযুক্তরা কালুকে দড়ি দিয়ে রেললাইনে বেঁধে রেখে পালিয়ে যায়। চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
ঘটনার তদন্তে নেমে পুলিশ মাহমুদপুর এলাকা থেকে মূল অভিযুক্ত সঞ্জুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে, আক্রোশ মেটাতেই তারা এই পরিকল্পনা করেছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

