প্রেসিডেন্টের প্রাসাদের সামনে ভয়াবহ গোলাগুলি! মাদুরোর গ্রেফতারির পর রণক্ষেত্র কারাকাস – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারির পর রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী কারাকাস। সোমবার রাতে প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে ব্যাপক গোলাগুলি ও বিমান হামলার শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নরম অবস্থানের প্রতিবাদে কট্টরপন্থী চাভেসপন্থীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘিরে রেখেছে সেনাবাহিনীর সাঁজোয়া কনভয়।
আচমকা এই সংঘর্ষে রাজধানীর আকাশজুড়ে যুদ্ধবিমানের গর্জন শোনা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সশস্ত্র টহলের ভিডিও ভাইরাল হয়। মার্কিন দূতাবাস ইতিমধ্যে নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে এবং দেশটির আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে। হতাহতের কোনো সঠিক তথ্য না পাওয়া গেলেও, সরকারের অভ্যন্তরীণ কোন্দল ও কট্টরপন্থীদের অভ্যুত্থান চেষ্টায় কারাকাস এখন থমথমে উত্তেজনার মুখে দাঁড়িয়ে।

