ফাঁস করা যাবে না নির্যাতিতার পরিচয়! দিল্লি পুলিশকে ঐতিহাসিক কড়া নির্দেশ হাইকোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
যৌন অপরাধের শিকার হওয়া নির্যাতিতার নাম, ঠিকানা বা পরিচয় কোনোভাবেই আদালতের নথিতে প্রকাশ করা যাবে না—দিল্লি পুলিশকে এই মর্মে কড়া নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা স্পষ্ট জানান, তদন্তকারী কর্মকর্তাদের স্ট্যাটাস রিপোর্টে নির্যাতিতার নাম উল্লেখ করা আইনত দণ্ডনীয় এবং এটি ভুক্তভোগীর গোপনীয়তার ওপর বড় আঘাত। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
একটি পকসো (POCSO) মামলার শুনানি চলাকালীন আদালতের নজরে আসে যে, তদন্তকারী কর্মকর্তা রিপোর্টে নির্যাতিতার নাম সরাসরি ব্যবহার করেছেন। এতে গভীর উদ্বেগ প্রকাশ করে আদালত জানায়, আইনি অসচেতনতা বা সামান্য অবহেলা নির্যাতিতার মানসিক নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে এবং ন্যায়বিচারের স্বার্থে তদন্তের প্রতিটি স্তরে সর্বোচ্চ গোপনীয়তা ও সংবেদনশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে হাইকোর্ট।

