ফারাক্কার রেশ না কাটতেই এবার ইটাহারে এসআইআর শুনানি কেন্দ্রে ভয়াবহ ভাঙচুর – এবেলা
এবেলা ডেস্কঃ
ফারাক্কার পর এবার উত্তর দিনাজপুরের ইটাহারে এসআইআর শুনানি কেন্দ্রকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। অভিযোগ উঠেছে, তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী বিডিও অফিসের ভেতরে ঢুকে নথিপত্র তছনছ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দফায় দফায় বিক্ষোভ ও পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ফারাক্কার ঘটনায় জড়িত তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। ইটাহারের অশান্তির ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে দ্রুত রিপোর্ট তলব করেছে কমিশন। সরকারি দপ্তরে ঢুকে নথিপত্র নষ্ট ও ভাঙচুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে কমিশন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

