লেটেস্ট নিউজ

ফিট না থাকলে ছাঁটাই: কেবিন ক্রুদের জন্য এয়ার ইন্ডিয়ার কঠোর স্বাস্থ্যবিধি – এবেলা

এবেলা ডেস্কঃ

এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুদের জন্য জারি হলো অত্যন্ত কঠোর স্বাস্থ্য ও ফিটনেস নীতি। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ মে, ২০২৬ থেকে শারীরিক মানদণ্ড পূরণে ব্যর্থ হলে কর্মীদের চাকরি হারাতে হতে পারে। উচ্চতা ও ওজনের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হওয়া বা স্থূলতার তালিকায় থাকা ক্রুদের অবিলম্বে ডিউটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির উন্নতি না হলে বেতন কাটা বা চূড়ান্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

সংস্থাটি জানিয়েছে, বিমানে ওঠার আগে বা ট্রেনিং চলাকালীন যেকোনো সময় আকস্মিক ওজন পরীক্ষা বা ‘সারপ্রাইজ চেক’ করা হতে পারে। যাঁদের বিএমআই ৩০-এর বেশি, তাঁদের ওজন কমানোর জন্য মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ক্রুদের পেশাদার দক্ষতাও কঠোরভাবে যাচাই করা হবে। এই বিশেষ পরীক্ষায় সর্বোচ্চ তিনবার সুযোগ মিলবে; কৃতকার্য না হলে সংশ্লিষ্ট কর্মীর কেবিন ক্রু হিসেবে কাজ করার অধিকার চিরতরে বাতিল হয়ে যাবে।

এয়ার ইন্ডিয়ার মতে, কেবিন ক্রুরা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই তাঁদের শারীরিক সক্ষমতা ও ক্ষিপ্রতা বজায় রাখা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই মানদণ্ড অনুসরণ করে এই নীতি প্রণয়ন করা হয়েছে। তবে কড়াকড়ির পাশাপাশি কর্মীদের সহায়তায় বিশেষ ডায়েট চার্ট, ব্যায়ামের পরিকল্পনা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিমান সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *