ফেরত এল জালিয়াতির ৫৮৩ কোটি টাকা হরিয়ানা সরকারকে সুদসহ অর্থ ফিরিয়ে নজির গড়ল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যাঙ্কিং জালিয়াতির কবলে পড়া বিশাল অঙ্কের সরকারি অর্থ সুদসহ ফেরত দিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। চণ্ডীগড়ের একটি শাখায় হরিয়ানা সরকারের বিভিন্ন দপ্তরের অ্যাকাউন্টে অনিয়মের জেরে হওয়া প্রায় ৫৮৩ কোটি টাকার আর্থিক ক্ষতি পূরণ করল এই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
তদন্তে উঠে এসেছে যে, সংশ্লিষ্ট শাখার কয়েকজন কর্মী জাল নথি এবং অর্থপ্রদানের ভুয়া নির্দেশিকা ব্যবহার করে প্রায় ৫৮৩ কোটি টাকা লেনদেন করেছিলেন। এই জালিয়াতির বিষয়টি সামনে আসতেই তৎপর হয় ব্যাঙ্ক প্রশাসন। সরকারি অর্থের সুরক্ষা নিশ্চিত করতে এবং গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মূলধনের পাশাপাশি প্রাপ্য সুদসহ সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছে।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া এখনও জারি থাকলেও হরিয়ানা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির দাবি অনুযায়ী ৫৮৩ কোটি টাকা ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে হিসাব পুনর্মিলন বা নতুন কোনো দাবির ভিত্তিতে এই চূড়ান্ত অঙ্কে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে বলে ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে।

