ফেসবুকে বন্ধুত্ব থেকে অপহরণের ছক! দুই নাবালিকাকে নিয়ে পালানোর সময় ধরা পড়ল ভিনরাজ্যের দুই পাচারকারী – এবেলা
এবেলা ডেস্কঃ
নদিয়ার চাপড়ার আলফা গ্রাম পঞ্চায়েত এলাকার দুই নাবালিকাকে অপহরণের অভিযোগে বিকি ও শিবা কুর্মি নামে দুই ভিনরাজ্যের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে তারা নাবালিকাদের ভুলিয়ে নিয়ে যাওয়ার ছক কষেছিল। গত কয়েকদিন আগে নিখোঁজ হওয়ার পর তদন্তে নেমে মোবাইল টাওয়ারের সূত্র ধরে হাওড়ার আন্দুলিয়া স্টেশন থেকে পুলিশ দুই নাবালিকাকে উদ্ধার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের ঝুঁকি এড়াতে পরিবারকে আরও সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে ভুয়া পরিচয়ে নাবালিকাদের ফাঁদে ফেলে ভিনরাজ্যে পাচারের চেষ্টা করা হয়। ধৃত দুজনকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, তা নিয়ে তল্লাশি চালাচ্ছে চাপড়া থানার পুলিশ প্রশাসন।

