লেটেস্ট নিউজ

ফ্রিজ কি বদলে ফেলার সময় হয়েছে? এই ৪টি সংকেত এড়িয়ে গেলেই বিপদ! – এবেলা

এবেলা ডেস্কঃ

আপনার রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ রেফ্রিজারেটর কি ঠিকঠাক কাজ করছে? দিনরাত একনাগাড়ে চলতে থাকা এই যন্ত্রটিরও কিন্তু নির্দিষ্ট আয়ু থাকে। সাধারণত একটি ফ্রিজ ১০ থেকে ১৫ বছর সচল থাকে, তবে তার আগেই সেটি অকেজো হতে শুরু করলে শরীর ও পকেট—উভয়েরই ক্ষতি হতে পারে। এমনকি অবহেলার কারণে ফ্রিজ বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনাও ঘটা আসাম্ভব নয়।

আপনার ফ্রিজটি মেরামত করা প্রয়োজন নাকি পুরোপুরি বদলে ফেলা উচিত, তা বুঝতে নিচের ৪টি লক্ষণের দিকে কড়া নজর রাখুন:

১. খাবার দ্রুত পচে যাওয়া: ফ্রিজের মূল কাজ খাবার সতেজ রাখা। যদি দেখেন দুধ তাড়াতাড়ি ফেটে যাচ্ছে, শাকসবজি দু-দিনেই নুয়ে পড়ছে বা রান্না করা খাবারে দুর্গন্ধ হচ্ছে, তবে বুঝবেন ফ্রিজ সঠিক তাপমাত্রা ধরে রাখতে পারছে না। এই নষ্ট খাবার খেলে পেটের বড়সড় অসুখ হতে পারে।

২. অতিরিক্ত বরফ ও জল জমা: ফ্রিজারের ভেতর পাহাড় সমান বরফ জমা বা নিচের অংশে জল জমে থাকা স্বাভাবিক নয়। বারবার ডিফ্রস্ট করার পরেও যদি এই সমস্যা মেটে, তবে বুঝে নিন যন্ত্রটির কুলিং সাইকেলে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে।

৩. বিকট শব্দ ও অতিরিক্ত তাপ: কম্প্রেসার থেকে অস্বাভাবিক গোঁ গোঁ শব্দ বা ফ্রিজের পেছনের অংশ অতিরিক্ত গরম হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এর অর্থ হলো, ঠান্ডা বজায় রাখতে কম্প্রেসারকে ক্ষমতার চেয়ে বেশি খাটতে হচ্ছে, যা যেকোনো সময় বড় বিপত্তি ঘটাতে পারে।

৪. অস্বাভাবিক বিদ্যুৎ বিল: কোনো কারণ ছাড়াই মাসের শেষে বিদ্যুৎ বিল আকাশছোঁয়া আসছে? পুরনো বা ত্রুটিপূর্ণ ফ্রিজ নতুন মডেলের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ টানে। বিল নিয়ন্ত্রণে রাখতে এবং সুস্থ থাকতে সময়মতো ফ্রিজটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করান অথবা প্রয়োজনে বদলে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *