বইপ্রেমীদের জন্য বড় উপহার দিলেন মমতা, ১০ কোটি টাকা ব্যয়ে কলকাতায় তৈরি হচ্ছে নতুন বইতীর্থ – এবেলা
এবেলা ডেস্কঃ
সল্টলেকে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দীর্ঘদিনের দাবিয়ে সাড়া দিয়ে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে ‘বইতীর্থ’ নির্মাণের কথা জানান। এই প্রকল্পের জন্য প্রাথমিক পর্যায়ে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত বইমেলার স্থায়ী পরিকাঠামো এবং প্রকাশনা জগতের উন্নতির কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
আগামী বছর কলকাতা বইমেলা পা দিতে চলেছে পঞ্চাশ বছরে। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের আগেই এই বইতীর্থ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লেখক ও প্রকাশক মহল। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্থায়ী কেন্দ্রটি বইপ্রেমীদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। বর্তমান বইমেলা প্রাঙ্গণ থেকেই এই নতুন যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

