লেটেস্ট নিউজ

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর তাণ্ডব, চার দিনে বিশ্বব্যাপী আয় ৭৬০ কোটি ছাড়াল – এবেলা

এবেলা ডেস্কঃ

রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং চালিয়ে চলচ্চিত্র ইতিহাসের একাধিক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৭৬০ কোটি টাকার (৮১ মিলিয়ন ডলার) ব্যবসা করে অনন্য মাইলফলক স্পর্শ করেছে। হিন্দি সিনেমার ইতিহাসে সালমান খান বা আমির খানের মতো বড় তারকাদের ছবি যে উচ্চতায় পৌঁছাতে দীর্ঘ সময় নেয়, রণবীরের এই ছবি তা মাত্র কয়েক দিনেই অর্জন করে নিয়েছে।

ভারতে প্রথম সপ্তাহান্তেই ছবিটির নিট সংগ্রহ ৪৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, শনিবার ও রবিবার যথাক্রমে ১১৩ কোটি ও ১১৪.৮৫ কোটি টাকা আয় করে ছবিটি প্রতিদিন ১০০ কোটির গণ্ডি পেরোনোর ঐতিহাসিক নজির গড়েছে। এর আগে শাহরুখ খানের ‘জাওয়ান’ বা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণের দখলে থাকা সপ্তাহান্তের সর্বোচ্চ আয়ের রেকর্ডগুলো এখন ‘ধুরন্ধর ২’-এর দখলে। এমনকি চার দিনের আয়ে এটি যশের ‘কেজিএফ ২’-এর আজীবন হিন্দি আয়ের রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে।

আন্তর্জাতিক বক্স অফিসেও রণবীরের এই ছবি হলিউডের একাধিক ব্লকবাস্টারকে টেক্কা দিয়ে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে। দর্শকদের প্রবল উন্মাদনার জেরে ছবিটি বর্তমানে বলিউড বা হিন্দি সিনেমার ইতিহাসে সফলতম ওপেনিং উইকএন্ডের অধিকারী। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, চিত্রনাট্যের বুনন ও নির্মাণশৈলী দর্শকদের এতটাই আকৃষ্ট করেছে যে, কর্মদিবসেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *