লেটেস্ট নিউজ

‘বঙ্কিমদা’র পর এবার ‘মান্তাগিনী’! প্রজাতন্ত্র দিবসে বাংলার মনীষীকে নিয়ে ফের নাম-বিভ্রাট – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পর এবার মাতঙ্গিনী হাজরা। দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার বীরাঙ্গনা শহিদের নাম উচ্চারণে বড়সড় ভুল করে বসলেন ঘোষিকা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

এদিন কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রদর্শনের সময় সঞ্চালিকা মাতঙ্গিনী হাজরার নাম বলতে গিয়ে উচ্চারণ করেন ‘মান্তাগিনী হাজরা’। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার দিল্লির রাজপথে স্বাধীনতা সংগ্রামের অন্যতম আইকনের নাম বিকৃতি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “এরা ইতিহাসও পড়ে না, স্বাধীনতা সংগ্রামীদের জীবনীও জানে না। এটা স্পষ্টতই মাতঙ্গিনী হাজরাকে অপমান।” তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে জানানো হয়েছে, এটি কোনো সাধারণ ভুল নয়, বরং বাংলার মনীষীদের পরিকল্পিতভাবে অপমান করার একটি ধারাবাহিক প্রবণতা।

পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ বলেন, “যাদের মন্ত্রীরা জাতীয় সঙ্গীত জানেন না, তারা আবার নাম উচ্চারণের ভুল ধরছেন।” উল্লেখ্য, এ বছরের বাংলার ট্যাবলোর থিম ছিল ‘স্বতন্ত্র কা মন্ত্র: বন্দেমাতরম’, যেখানে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে নেতাজি এবং মাতঙ্গিনী হাজরার অবদান তুলে ধরা হয়েছিল। কিন্তু সেই গর্বের মুহূর্তেই উচ্চারণের এই বিভ্রাট নতুন করে বিতর্কের আগুন উসকে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *