লেটেস্ট নিউজ

বঙ্গভোটের আগে মোদির কণ্ঠে শ্যামাসঙ্গীত, নবরাত্রির সপ্তমীতে কালীর শরণাপন্ন প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে শোনা গেল দেবী কালীর নাম। বুধবার নবরাত্রির সপ্তমীতে মা কালরাত্রির আরাধনা উপলক্ষ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি জনপ্রিয় শ্যামাসঙ্গীত পোস্ট করেন তিনি। ‘কালী কালী বল রসনা’ গানটি শেয়ার করে প্রধানমন্ত্রী জানান, মাতৃদেবীর আরাধনা ভক্তদের মনে নতুন আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে।

এদিন মা কালরাত্রির রূপ বর্ণনা করে একটি ভিডিও পোস্টের পাশাপাশি দেশবাসীর সমৃদ্ধি ও সাহস কামনা করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বাংলায় নির্বাচনের আগে বিজেপির ‘বহিরাগত’ তকমা ঘোচাতে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে মোদির এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ব্রিগেডের জনসভায় দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মঞ্চ তৈরিও সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।

অতীতে বিজেপির শীর্ষ নেতৃত্বে কেবল ‘জয় শ্রী রাম’ স্লোগান শোনা গেলেও, সাম্প্রতিক সময়ে মোদিকে বারবার মা কালীর শরণাপন্ন হতে দেখা যাচ্ছে। বিশেষত বঙ্গভোটের মুখে দাঁড়িয়ে মোদির এই আধ্যাত্মিক বার্তা বাঙালি ভোটারদের আবেগ স্পর্শ করার একটি পরিকল্পিত প্রয়াস বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *