বঙ্গসভা নির্বাচন ২০২৬: টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়বেন পার্থপ্রতিম, ৩২ জনের দ্বিতীয় তালিকা বামেদের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর প্রার্থীদের নাম ঘোষণায় তৎপরতা বাড়াল বামফ্রন্ট। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৩২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। এই তালিকায় সবচেয়ে বড় চমক টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, যেখানে তৃণমূলের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সিপিআই(এম) প্রার্থী করেছে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে। উল্লেখ্য, এর আগে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বামেরা।
ঘোষিত তালিকায় অভিজ্ঞ ও নতুন মুখের ভারসাম্য বজায় রাখা হয়েছে। জয়নগরে অপূর্ব প্রামাণিক, চাঁচলে আনোয়ারুল হক এবং রানিনগরে জামাল হোসেনকে টিকিট দেওয়া হয়েছে। এছাড়া ভবানীপুরে আইনজীবী শ্রীজীব বিশ্বাস এবং বালিগঞ্জে আফরিন বেগমকে প্রার্থী করা হয়েছে। নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআই-এর শান্তি গিরি। আসানসোল উত্তর ও গোপীবল্লভপুর আসনেও প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচনী ময়দানে নামার লড়াইয়ে বামফ্রন্ট শুরু থেকেই এগিয়ে থাকতে চাইছে। প্রথম তালিকায় বিকাশরঞ্জন ভট্টাচার্য, দীপ্সিতা ধর এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো পরিচিত মুখদের সামনে আনা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় টালিগঞ্জ ও ভবানীপুরের মতো হাই-ভোল্টেজ আসনগুলোতে প্রার্থীদের নাম ঘোষণা করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বামেরা। তৃণমূল ও বিজেপি-র পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ময়দানে নেমে জনসম্পর্ক বাড়াতে মরিয়া বাম শিবির।

