লেটেস্ট নিউজ

বঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা, উত্তরে বৃষ্টির দাপট জারি, দক্ষিণে সাময়িক বিরতি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকলেও দক্ষিণবঙ্গে রবিবারের আগে বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরতি থাকলেও শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়ার ইঙ্গিত রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানের মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারের পর থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদগণ।

আগামী দু’দিন কলকাতায় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার রাত থেকে নতুন করে জলীয় বাষ্প প্রবেশ করায় মঙ্গলবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও রবিবার থেকে পুনরায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *