বঙ্গে দুর্যোগের ঘনঘটা: ভিজল কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে আজ সন্ধ্যা থেকেই কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ বিভিন্ন জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ কলকাতায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা কম থাকলেও, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে এই অস্থির আবহাওয়া প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে।

