বঙ্গ সফরে আসছেন বিজেপি সভাপতি, কলকাতায় মোদীর মেগা রোড শো-র প্রস্তুতি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে এবং দলীয় প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলীয় সূত্রে খবর, আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে তিনি রাজ্যে এসে উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর—এই পাঁচটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের রিপোর্টের ওপর শুধু নির্ভরশীল না থেকে খোদ সভাপতি নিজেই বুথ স্তরের সাংগঠনিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চাইছেন।
বিজেপি সভাপতি সফর সেরে ফেরার পরপরই রাজ্যে ঝোড়ো প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে চূড়ান্ত সূচি না এলেও জানা যাচ্ছে, ৩০ মার্চের পর থেকেই তাঁর জনসভাগুলি শুরু হতে পারে। বিশেষত, প্রথম ও দ্বিতীয় দফার ভোটের মধ্যবর্তী সময়ে অর্থাৎ ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে কলকাতায় একটি মেগা রোড শো করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। ২০২১ সালের বিধানসভা ভোটে কোভিডের কারণে মোদীর প্রচার কাটছাঁট করতে হলেও, এবার পূর্ণশক্তিতে ময়দানে নামছে বিজেপি।
কলকাতা ছাড়াও শিলিগুড়ি, দুর্গাপুর বা আসানসোলের মতো শিল্পাঞ্চলেও প্রধানমন্ত্রীর রোড শো আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে দল। ভোট ঘোষণার আগে মোদী রাজ্যে সাতটি সভা করলেও, আগামী দেড় মাসে আরও অন্তত দশটি বড় জনসভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিটি সাংগঠনিক বিভাগ যাতে প্রধানমন্ত্রীর অন্তত একটি করে সভা পায়, সেই ভাবেই রুট ম্যাপ তৈরি করা হচ্ছে। সাংগঠনিক দৃঢ়তা নিশ্চিত করার পাশাপাশি মোদী-শাহর উপস্থিতিকে হাতিয়ার করে বাংলায় নির্বাচনী বৈতরণী পার হতে মরিয়া বিজেপি নেতৃত্ব।

