বজবজে চিকিৎসক বনাম অভিজ্ঞতার লড়াই অশোক দেবকে চ্যালেঞ্জ তরুণ আদকের – এবেলা
এবেলা ডেস্কঃ
বজবজ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। তৃণমূলের বর্ষীয়ান প্রার্থী অশোক দেবের বিরুদ্ধে এবারও পদ্মশিবির ভরসা রেখেছে আরজি করের প্রাক্তনী তথা জনপ্রিয় চিকিৎসক তরুণ আদকের ওপর। চার প্রজন্মের চিকিৎসক পরিবারের সন্তান তরুণবাবু জনসেবার লক্ষ্যেই এই লড়াইয়ে নেমেছেন বলে জানিয়েছেন। তবে ১৯৯৬ সাল থেকে অপরাজিত অশোক দেবের দুর্গে ফাটল ধরানোই এখন তাঁর প্রধান লক্ষ্য।
বিজেপি প্রার্থী তরুণ আদকের দাবি, বর্তমান বিধায়ক অশোক দেব বয়সের কারণে অসুস্থ এবং চলাফেরায় অন্যের ওপর নির্ভরশীল। এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে একজন সক্রিয় এবং উদ্যমী প্রতিনিধির প্রয়োজন অনুভব করেই তিনি নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন। গত নির্বাচনে বড় ব্যবধানে হারলেও, এবার তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাবেন বলে তিনি আশাবাদী।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই চ্যালেঞ্জকে আমল দিতে নারাজ। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত জানান, অশোক দেব একজন প্রখ্যাত আইনজীবী এবং এলাকার উন্নয়নের রূপকার। শারীরিক অসুস্থতার দাবি উড়িয়ে তিনি বলেন, বিধায়ক আজও গভীর রাত পর্যন্ত জনসেবায় লিপ্ত থাকেন। ফলে বিজেপি প্রার্থীর কোনো মন্তব্যই অশোক দেবের জনপ্রিয়তায় এবং ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারবে না।

