লেটেস্ট নিউজ

বজবজে ঝালাইয়ের গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, আতঙ্কিত এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বজবজ। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঝালাইয়ের গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের টিনের চাল উড়ে যায় এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, শেখ নিজামউদ্দিনের মালিকানাধীন ওই গ্যারেজে একটি ট্যাঙ্কার গাড়ির ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপত্তি ঘটে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় দু’জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

খবর পেয়ে বজবজ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝালাইয়ের সময় কোনও যান্ত্রিক ত্রুটি বা অসাবধানতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গ্যারেজ মালিক ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পুলিশি নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *