লেটেস্ট নিউজ

বজবজে রামনবমীর পতাকা লাগানো নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গ্রেপ্তার ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ

রামনবমীর পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বজবজ। বৃহস্পতিবার বিধানসভা কেন্দ্রের নোদাখালি থানার বাওয়ালি ট্রেকার স্ট্যান্ড এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। স্থানীয় সূত্রের খবর, পতাকা লাগানো নিয়ে বচসার জেরে বিজেপি নেতা সজল আদকের দোকানে ঢুকে চড়াও হন অপর গোষ্ঠীভুক্ত সুরজিৎ রায় ও তাঁর অনুগামীরা। ঘটনার জেরে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে সজল আদক ও সুরজিৎ রায়সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে ধৃতদের মুক্তির দাবিতে বিজেপি প্রার্থী তরুণ আদক ও মহিলা মোর্চার নেত্রীরা নোদাখালি থানায় পৌঁছান। তবে পুলিশ সাফ জানিয়ে দেয় যে, অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হওয়ায় আইনি প্রক্রিয়া মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই কোন্দলকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অন্দরে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রার্থী তরুণ আদকের শিবিরের দাবি, সজল আদকের উস্কানিতেই এলাকায় অশান্তি ছড়িয়েছে। অন্যদিকে, সজল শিবিরের পালটা অভিযোগ, প্রার্থীর বিরুদ্ধে সরব হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই হামলা চালানো হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *