বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতা ও দক্ষিণবঙ্গ – এবেলা
এবেলা ডেস্কঃ
শুক্রবার মধ্যরাত থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়, যার জেরে একধাক্কায় বদলে গিয়েছে মহানগরের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কিছু এলাকায় ৭০ কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এ ছাড়া কোচবিহার ও দার্জিলিংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের অন্যান্য জেলাগুলোতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র রাজ্যজুড়েই এই অস্থির আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত মিলেছে।
কলকাতায় আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান ও মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিরূপ আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

