বড়দিনেই কি জাঁকিয়ে পড়বে শীত? আবহাওয়ার মেজাজ নিয়ে যা জানাল হাওয়া অফিস
বছরের শেষে বাংলায় শীতের দাপট বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশেপাশে থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তা ৮-১২ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে আপাতত আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার দাপট আরও বেশি থাকবে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪-৬ ডিগ্রিতে নেমে যেতে পারে, যার ফলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের রাজ্যগুলিতে তুষারপাতের জেরে রাজ্যে কনকনে ঠান্ডার এই আমেজ ২৮ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে বছরের শেষ কটা দিন পর্যটক ও শীতপ্রেমীদের জন্য বেশ সুখকর হতে চলেছে।

