বড়সড় বেনিয়ম: বসিরহাটের বিডিও সাসপেন্ড, নজিরবিহীন কড়া পদক্ষেপ কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
বসিরহাট: ভোটপ্রক্রিয়ায় বড়সড় বেনিয়মের অভিযোগে কড়া শাস্তির মুখে বসিরহাট-২ ব্লকের বিডিও তথা ১২৫ নম্বর বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অতিরিক্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক (AERO) সুমিত্র প্রতীম প্রধান। নির্বাচনী বিধি লঙ্ঘন করে বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগে তাঁকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সুমিত্র প্রতীম প্রধানের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা এবং তাঁকে দ্রুত সাময়িকভাবে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের কোনও আগাম অনুমতি বা তথ্যপ্রদান ছাড়াই তিনি সম্পূর্ণ নিজের এক্তিয়ার বহির্ভূতভাবে ১১ জন অতিরিক্ত এআরও (AERO) নিয়োগ করেছিলেন।
প্রশাসনের শীর্ষস্তরের কর্তাদের দাবি, নির্বাচনী কাজে স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। নিয়মবহির্ভূত এই কর্মকাণ্ড সামনে আসতেই কমিশন দ্রুত তৎপরতা দেখিয়েছে। ইতিমধ্যেই সুমিত্রকে নির্বাচনী সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভোটের মুখে একজন পদস্থ আধিকারিকের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপে জেলা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

